রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ইশতেহার উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ।
মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
ইশতেহারে চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করা হয়। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে তা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
হাওর দখলমুক্ত করে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং নির্দিষ্ট ফি’র মাধ্যমে সবার জন্য মাছ ধরার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয় ইশতেহারে।
এছাড়া শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সমস্যা সমাধান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে পরিকল্পিত পানি ও ময়লা নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এতে শহরের জলাবদ্ধতা নিরসন ও হাওর দূষণমুক্ত রাখার লক্ষ্যের কথাও উল্লেখ করা হয়।
স্বাস্থ্যখাতের উন্নয়নে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভা বর্ধিত করা, শমসেরনগরকে পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ এবং কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।