সুখানপুকুর ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত: দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে আস্থা বাড়ছে
মোঃ তহিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদে নিয়মিতভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুপালী খাতুন দায়িত্ব গ্রহণের পর থেকে গ্রাম আদালতসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠা ও সুষ্ঠুভাবে পালন করে আসছেন।
প্রতি সোমবার ও বুধবার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বসে। আদালতে স্থানীয় বিভিন্ন ছোটখাটো বিরোধ ও অভিযোগ উভয় পক্ষের বক্তব্য শুনে আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এতে সাধারণ মানুষ স্বল্প সময়ে এবং কম খরচে ন্যায়বিচার পাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।
গ্রাম আদালতের কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সারওয়ার জাহান মিলন, ববিতা বেগম, গোলাপি বেগম, আব্দুল হান্নান এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন।
প্যানেল চেয়ারম্যান মোছাঃ রুপালী খাতুন বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমছে এবং সামাজিক সম্প্রীতিও বজায় থাকছে।”
স্থানীয়রা জানান, নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে ইউনিয়নে ছোটখাটো বিরোধ আদালতে না গিয়েই সমাধান হচ্ছে, যা জনভোগান্তি কমানোর পাশাপাশি সামাজিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








