পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। তাঁরা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন,
সততা ও জনসেবামূলক অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি শুধু বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন না, পঞ্চগড়বাসীর কাছেও ছিলেন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে মারা যান। পরিবারের সিদ্ধান্ত ও তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁকে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন জাতীয় কবরস্থানে দাফন করা হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর মরদেহ পঞ্চগড়ে আনা সম্ভব না হওয়ায় জেলার মানুষের উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।








