ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নারী অধিকার বিষয়ক দুইব্যাপী কর্মশালা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 2:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ শুরু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা চলবে মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান তাঁর বক্তব্যে বলেন, “নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এবং সমাজে বিদ্যমান সকল ধরনের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।

আলোচনায় অংশ নেন সিসিডিবি‘ সমান আওয়াজ’ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা: খাদিজা আক্তার, সমান আওয়াজ’ প্রকল্পের নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, সমান আওয়াজ প্রকল্প ঢাকা এর সিনিয়র মনিটরিং অফিসার ইসমে আজম বাধন।

আয়োজকেরা জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডার সমতাভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

প্রথম দিনের কর্মসূচিতে প্রকল্প পরিচিতি এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘সমান আওয়াজ’ প্রকল্পের লক্ষ্য, নারীবাদী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জেন্ডার ও লিঙ্গের ধারণা, জেন্ডার সমতা ও ন্যায্যতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।

এ ছাড়া জেন্ডারভিত্তিক সামাজিক ভূমিকা, প্রচলিত ধ্যান-ধারণা ও স্টেরিওটাইপ, ক্ষমতার সম্পর্ক, নারীর নেতৃত্বের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, ইন্টারসেকশনালিটি এবং জেন্ডারভিত্তিক বৈষম্য নিয়ে দলীয় আলোচনা, ব্রেইনস্টর্মিং ও উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।