ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পড়াশোনায় মনোযোগী হলেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব: হুমাম কাদের এমপি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 11:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, “পড়াশোনায় মনোযোগী হলেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব। ভবিষ্যতের মন্ত্রী-এমপি হয়তো আজ এখানেই বসে আছে। তাই এখন থেকেই বেশি করে পড়ালেখা করতে হবে।”

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রশংসা
হুমাম কাদের চৌধুরী বলেন, “রাঙ্গুনিয়ার শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ প্রশংসনীয়। রাঙ্গুনিয়ায় একটি দারুণ টিম নিয়ে আমরা কাজ করছি। এই সফল উদ্যোগের জন্য আমি উপজেলা প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে চাই, রাঙ্গুনিয়ায় শিক্ষার মান কতটুকু এগিয়েছে।”

বিদ্যালয়ের পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, “বিদ্যালয়ে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জীবনে সফল হতে হলে পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “ভালোভাবে পড়াশোনা করলে কেউ ভালো চাকরি করবে, কেউ সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হবে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।”

বক্তব্য শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হুমাম কাদের চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।