উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আলটিমেটাম, না সরালে আইনানুগ ব্যবস্থা
হাফিজুর রহমান খান, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কোটবাজার, কুতুপালংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ইউএনও পান্না আক্তার বলেন, উখিয়ার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে যানজটমুক্ত রাখতে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়ছার এবং কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় কোটবাজার, কুতুপালংসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।








