ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চকবাজারে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: সিএমপি ও র‌্যাবের অভিযানে ৮ গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 10:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও র‌্যাব-৭।

পুলিশ জানায়, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘ডেবিড ইমন’ পরিচয়ে একটি চক্র ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি প্রত্যাখ্যান করলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুরে ৩০-৪০ জন সশস্ত্র ব্যক্তি চকবাজার থানাধীন মনুমিয়াজী লেইনের ডিডিএন কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নষ্ট করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অফিস থেকে নগদ ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালকের ব্যাগ নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, ওই ব্যাগে কর্মচারীদের বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল।

এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়েরের পর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় সিএমপির একাধিক টিম, চকবাজার থানা পুলিশ ও র‌্যাব-৭ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি, মানবপাচার ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।