ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—রথযাত্রায় ফরহাদ আজাদ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোটার: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একজন মুসলমান এই দেশে যতটুকু সুযোগ-সুবিধা পাবেন, ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষেরাও পাবেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, ধারণ করি। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড়ের জালাসী চানপাড়া মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই স্লোগানকে সামনে রেখেই সরকার দলমত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজনে অনেক মুসলমানও অংশ নিয়েছেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতিতে যেন কোনো ধর্মান্ধ ও জঙ্গিগোষ্ঠী বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রাধাগোবিন্দ নামহট্ট মন্দিরের সভাপতি দেবানন্দ দামোদার দীনবন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ রণিক, শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজসহ সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চানপাড়া মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ উপজেলার একটি মন্দির এবং বোদা উপজেলার সিপাইপাড়া সন্ন্যাসী মন্দিরে রথযাত্রা উৎসবে অংশ নেন।