রাঙ্গুনিয়ায় পাহাড়ধস পরিদর্শনে এলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ইছাখালি আদর্শ গ্রাম এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি টিম। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রীও তুলে দেওয়া হয়। শনিবার (৮ আগস্ট) ইছাখালি এলাকায় পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা পাহাড়ধসের ঝুঁকি কমাতে নিরাপদ স্থানে বসতি স্থাপন এবং স্থানীয়দের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব কাজী মো. বদরুজ্জামান বলেন, ‘পাহাড়ে বসতি হলেও সেইফ সাইডে থাকতে হবে।’ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করে নিরাপদ স্থানে থাকার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকারী টিমে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (ত্রাণ-২) ও উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান এবং কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান, বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহসহ কারিতাস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
টিমের সদস্যরা পাহাড়ধসের কারণ, ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ভবিষ্যতে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।








