ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় ই-পাসপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট জট নিরসনে বিশেষ কনস্যুলার সেবা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 9, 2026 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

জেদ্দা (সৌদি আরব) প্রতিনিধি: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের ই-পাসপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত ভোগান্তি নিরসনে বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম শুরু করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্প চলবে ১৯ আগস্ট পর্যন্ত।

রোববার ভোর থেকেই কনস্যুলেটে আগত সেবাগ্রহীতাদের দ্রুত সেবা নিশ্চিত করতে সরাসরি কার্যক্রম তদারকি করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি ই-পাসপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট বুথ পরিদর্শন করে সেবার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

কনস্যুলেট সূত্র জানায়, স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ এই উদ্যোগের মাধ্যমে সেবাগ্রহীতাদের অপেক্ষার সময় কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল যুক্ত করা হয়েছে। ফলে আগের তুলনায় অনেক কম সময়ে ই-পাসপোর্ট আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারছেন প্রবাসীরা।

সেবা নিতে আসা কয়েকজন প্রবাসী জানান, দীর্ঘদিন ধরে ই-পাসপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে কনসাল জেনারেলের সরাসরি তদারকিতে বর্তমানে দ্রুত সেবা পাওয়ায় তারা সন্তুষ্ট।

তারা বলেন, বিশেষ ক্যাম্পের মতো সরাসরি তদারকির এই ব্যবস্থা শুধু কয়েক দিনের জন্য নয়, সারা বছর অব্যাহত থাকলে প্রবাসীদের ভোগান্তি আরও কমবে।

কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পাঁচ দিনের কাজ এক দিনেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে এবং এই ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

প্রবাসীরা আশা করছেন, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে জেদ্দা কনস্যুলেটের সঙ্গে প্রবাসীদের আস্থা ও সম্পর্ক আরও শক্তিশালী হবে। তাদের প্রত্যাশা—বিশেষ এই উদ্যোগ ভবিষ্যতে স্থায়ী প্রবাসীবান্ধব সেবায় রূপ নেবে।