ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামের হাজারীগলির গোপন ঘরে চোরা সোনার কারবার, আটক ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 9, 2026 - 1:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চতুর্থ তলার ভাড়া বাসা, ডিজিটাল নিক্তি আর নগদ টাকার বান্ডিল, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া গেল না।

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের হঠাৎ অভিযানে নগরীর হাজারীগলির একটি বহুতল ভবন থেকে উদ্ধার হয়েছে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং সোনার ওজন মাপার আধুনিক ডিজিটাল নিক্তি। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চক্রের তিন সদস্যকে।

আটকরা হলেন কর্ণফুলীর সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী (৪৩) এবং মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)। পুলিশ জানায়, দেবব্রতই ছিলেন মূল পরিকল্পনাকারী। হাজারীগলির ওই ভবনের চতুর্থ তলায় বাসা ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ নেটওয়ার্ক চালিয়ে আসছিলেন।

আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা দায়ের করে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চোরাই সোনা আসত কোথা থেকে, বিক্রি হতো কাদের কাছে এবং এর পেছনে কোনো বড় সিন্ডিকেট আছে কিনা এসব প্রশ্নের জবাব খুঁজতে তদন্ত এগিয়ে চলেছে। জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।