ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

“১০০ ভাগ নিশ্চিন্ত থাকেন” সেই ফোনালাপ এখন ট্রাইব্যুনালের আলামত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 9, 2026 - 1:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

চট্টগ্রাম ব্যুরোঃ মুরাদপুরে তখন গুলি চলছে, মানুষ মরছে আর সেই মুহূর্তে ফোনে আশ্বাস দেওয়া হচ্ছিল, “পুরা চট্টগ্রাম একদম কন্ট্রোলে।”

জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মধ্যে হওয়া একটি ফোনালাপের রেকর্ড এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দাখিল করা হয়েছে।

রোববার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্কের তৃতীয় দিনে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই ফোনালাপটি আদালতে উপস্থাপন করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানিতে অংশ নেন আরও তিন প্রসিকিউটর।

রেকর্ড করা কথোপকথনে স্পষ্ট শোনা যায়, ওবায়দুল কাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের পরিস্থিতি সম্পর্কে সরাসরি খোঁজ নিচ্ছেন। জবাবে নাছির উদ্দীন জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়সহ পুরো চট্টগ্রাম তাদের শতভাগ নিয়ন্ত্রণে, কেবল মুরাদপুরে সংঘর্ষ চলছে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ওই সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

এই ফোনালাপ প্রমাণ করে, আন্দোলন দমনে মাঠপর্যায়ের ঘটনাগুলো তখন সরকারের একদম শীর্ষ মহল থেকে সরাসরি তদারক করা হচ্ছিল। জুলাই গণহত্যার মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে দাখিল করা ডিজিটাল আলামতগুলোর মধ্যে এই কল রেকর্ডকে অন্যতম শক্তিশালী প্রমাণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ওবায়দুল কাদের ও আ জ ম নাছিরের হুবহু ফোনালাপ

ওবায়দুল কাদের: হ্যালো, নাছির? কি করতেছ?
আ জ ম নাছির: জ্বী স্যার, স্যার। কালকে থেকে তো ফাইট করতেছি। আজও তো ইয়া না? সারা দিনই তো মারামারি, এখনো তো গোলাগুলি চলতেছে।
ওবায়দুল কাদের: ইউনিভার্সিটি কি ওই শিবিরের দখলে…?
আ জ ম নাছির: না না না না… ইউনিভার্সিটি পুরোপুরি একদম নিয়ন্ত্রণে আছে। ১০০ ভাগ নিয়ন্ত্রণে। ইউনিভার্সিটি না, ঘটছে তো এখন টাউনে…।
ওবায়দুল কাদের: ইউনিভার্সিটি, চট্টগ্রাম কলেজের…?
আ জ ম নাছির: না না, এগুলো সব নিয়ন্ত্রণে আছে। টাউনের ছোট একটা জায়গায়—মুরাদপুর জায়গায় ওদের সাথে ফাইট হচ্ছে। ওরা বিভিন্ন জায়গা থেকে আইসা ওখানে গত প্রায় ২টা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে।
ওবায়দুল কাদের: মুরাদপুর আসল কি হইছে?
আ জ ম নাছির: মুরাদপুর একটা জায়গায়, একটা জায়গায়… ছোট্ট একটা জায়গায়। ওখানে ওই একপাশে ওরা, একপাশে…।

ওবায়দুল কাদের: ইউনিভার্সিটি কিন্তু নিরাপদ…?
আ জ ম নাছির: আর আর পুরা চট্টগ্রাম পুরো কন্ট্রোলে। পুরা চট্টগ্রাম একদম ইউনিভার্সিটিসহ… আপনি একদম নিশ্চিন্ত থাকেন, ১০০ ভাগ নিশ্চিন্ত থাকেন। ইনশাআল্লাহ্।