ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৬ - ৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের বর্ণাঢ্য অংশগ্রহণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 24, 2026 - 8:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর আর্থিক সহায়তা এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের সার্বিক সহযোগিতায় এবারের এক্সপোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। মেলায় বাংলাদেশের বিভিন্ন তৈরি পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য নিয়ে একটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

মেলার উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ। উদ্বোধনের পর জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য ও সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড সদস্য ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ কনসুলেটের মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা, কনসুলেটের অন্যান্য কর্মকর্তা, সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

পিরামিডস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এবারের এক্সপোতে বিশ্বের ২৫টিরও বেশি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকদের তথ্যমতে, মেলায় প্রায় ১০ হাজার বাণিজ্যিক দর্শনার্থী ও ক্রেতার সমাগম ঘটবে। পাশাপাশি ৫৫০টিরও বেশি বুথে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক গার্মেন্টস, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য প্রদর্শন করছে।

এবারের সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশ থেকে ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, এমএস এএইচ কিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন এবং আল নূর গার্মেন্টস লিমিটেড।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন ধরনের তৈরি পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের সামনে তুলে ধরছে। পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা, মানসম্মত পণ্য ও রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য নিয়ে তথ্যসমৃদ্ধ চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত এসব তথ্যচিত্র ও পণ্যের উপস্থাপনা মেলায় আগত আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে দেশের পণ্যের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং সৌদি ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

চার দিনব্যাপী এ এক্সপোতে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণকে দেশের তৈরি পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল খাতের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।