রাঙ্গুনিয়ায় জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি ও আলোচনা সভা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক:জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রায়হান ও উপজেলা সমবায় কর্মকর্তা পার্থ কুমার সাহা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী মুসরাত মেহজাবিন প্রমি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের শিক্ষা ও বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।








