বাঘায় মাটির নিচে লুকানো ৪৭ বোতল এ্যাসকাফ : স্ত্রী আটক, স্বামী পলাতক
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় বসতঘরের মেঝেতে পুতে রাখা ড্রাম থেকে ৪৭ বোতল অবৈধ মাদক দ্রব্য ESkuf (এ্যাসকাফসহ) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মোসাঃ মদিনা বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হলেও কৌশলে পালিয়েছে তার স্বামী মোঃ জামরুল ইসলাম (৩৯)। শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে এই মাদক কারবারিদের বাসায় অভিযান চালায় রাজশাহী জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলামের নেতৃত্বে একটি টিম রাতে বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিল। ভোর রাতের দিকে গোপন সংবাদ আসে—মালিয়ানদহ গ্রামের মৃত ফেলু মালিথার ছেলে জামরুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। সংবাদ পাওয়ার পরপরই রাত ৩:৩৫ মিনিটে জামরুলের বাড়িতে ঘেরাও দেয় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ৪:১০ মিনিটে মদিনা বেগমকে ধরে ফেলে আভিযানিক দলটি । তবে আঁধার ও সুযোগ কাজে লাগিয়ে চম্পট দেন তার স্বামী জামরুল। পরে ঘরে তল্লাশি চালিয়ে পূর্ব-দুয়ারি শয়নকক্ষের মেঝেতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে ৪৭ বোতল ভারতীয় এ্যাসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া ডিবি পুলিশ আরও জানাই, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মদিনা বেগম স্বীকার করেছেন, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন তারা।
এ বিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী জামরুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে নিশ্চিত করেছে জেলা ডিবি পুলিশ।








