ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 20, 2026 - 3:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার সন্ধ্যায়  উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য বার্তা দেন।

পরিদর্শন সূচী অনুযায়ী সংসদ সদস্য পর্যায়ক্রমে উপজেলার দেউলী পূজা মন্ডপ, বড়ি পূজা মন্ডপ, বালিজুরী পূজা মন্ডপ, বরুহাটী পূজা মন্ডপ, বৃ-কালিকা পূজা মন্ডপ, কাশতলা পূজা মন্ডপ, গড়মা পূজা মন্ডপ, রামভদ্রপুর পূজা মন্ডপ, বাউসী বাজার পূজা মন্ডপ সমূহ ঘুরে দেখেন।

পরিদর্শন কালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন পূজা মন্ডপে পৌঁছালে স্ব-স্ব পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে ধর্মের কোন ভেদাভেদ নেই। হিন্দু-মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। যে যার যার ধর্ম নির্দিধায় পালন করে যাচ্ছে। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রার্থনা হলেও এর ব্যাপকতার কারণে এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেন, এই দেশে হিন্দু ও মুসলমান একে অপরের ভাই, তাদের মধ্যে কোনো বিভেদ নেই। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়েই যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে।