ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনায় মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 21, 2026 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

চট্টগ্রাম:রাঙ্গুনিয়ায় কোদালা বনবিটের উচ্ছেদ অভিযান নিয়ে বিনা নোটিশে ঘরবাড়ি উচ্ছেদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, এলাকাবাসীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার(২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের উত্তর বনগ্রাম কলাবাইজ্যাঘোনা এলাকায় এ মানববন্ধন হয়। ‘সর্বস্তরের সচেতন এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইলিয়াস সিকদার, লিচুবাগান সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো. সোলাইমান, চন্দ্রঘোনা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদুল হক, গ্রাম সর্দার মোহাম্মদ জগলু, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফোরকান, যুবদল নেতা সোহেল ও আয়েশা বেগম।
বক্তারা বলেন, কোদালা বনবিটের উচ্ছেদ অভিযানে ঘরবাড়ি হারানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ ঘটনার প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধনের ব্যানারে ‘অধিকার আদায়ে আমরা সবাই একসঙ্গে’ এবং ‘আমাদের দাবি ন্যায়বিচার, হয়রানি নয়’ স্লোগান লেখা ছিল।

উচ্ছেদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আয়োজকেরা।