ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে নাতির হাতে নানি খুন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 18, 2026 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে টাকা চেয়ে না পেয়ে নানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকার এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারী বেদেনা কোচ (৬৫) ওই এলাকার বাসিন্দা ষ পরেশ চন্দ্র কোচের স্ত্রী।

হত্যাকাণ্ডে মাত্র আট ঘণ্টার মধ্যেই সখিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অভিযুক্ত নাতি নয়ন কোচ’কে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় পুলিশের তৎপরতা ও দক্ষতা নিয়ে ব্যাপক প্রশংসা চলছে। অভিযুক্ত নাতি ওই গ্রামের শ্যামল কোচের ছেলে।

সখিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাতি নয়ন কোচ (১৮) মঙ্গলবার বিকেলে নানির কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই রাতেই নয়ন কোচ নানিকে হত্যা করে।

খোঁজ নিয়ে আরো জানা যায়, রাত নয়টার দিকে নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ স্থানীয় কালিদাস বাজারে গেলে নয়ন কোচ নানির বাড়িতে অবস্থান নেন। রাত আনুমানিক ১১টার দিকে প্রথমে হাতুড়ি দিয়ে বেদেনা কোচের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। হত্যার পর বিছানার ওপর রক্তাক্ত দা ও হাতুড়ি রেখে পালিয়ে যান অভিযুক্ত নাতি। রাত সাড়ে ১১টার দিকে পরেশ কোচ বাড়িতে ফিরে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পর রাত ১২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপরই শুরু হয় অভিযান। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা কৌশল কাজে লাগিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সখীপুরের সীমান্ত এলাকা থেকে অভিযুক্ত নয়ন কোচকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। নয়ন কোচ সখিপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন।

হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার সকাল ১১টার দিকে নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে নাতি নয়ন কোচকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন,এত দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষায় সখিপুর থানা পুলিশের এ ধারাবাহিকতা যেন বজায় থাকে ।

সখিপুর থানার সেকেন্ড অফিসার,উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন কোচ হত্যার দায় স্বীকার করেছেন। নয়ন কোচ দাবি করেন, নানি তাঁর সঙ্গে সব সময় খারাপ আচরণ করতেন।

সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের আগেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা পুলিশের পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।