ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইউএনও আখতার জাহান সাথীর হস্তক্ষেপে জনদুর্ভোগ লাঘবে উদ্যোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 26, 2026 - 4:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে যাতায়াতের একমাত্র ছোট কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বুধবার একটি ইটবোঝাই ট্রাক্টর কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় সেটি হঠাৎ ভেঙে পড়ে। এতে গ্রামটির সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান এলাকাবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি ক্ষতিগ্রস্ত কালভার্ট ও সংযোগ সড়কের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় গ্রামবাসী দ্রুত কালভার্ট সংস্কার এবং রাস্তা উঁচুকরণের দাবি জানান। ইউএনও আখতার জাহান সাথী দ্রুত কালভার্ট সংস্কার এবং সংযোগ সড়ক উঁচু করে মেরামতের আশ্বাস প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
গ্রামবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। বর্ষা মৌসুমে রাস্তাটি সম্পূর্ণ ডুবে যায়, ফলে দুর্ভোগ চরমে পৌঁছে। ইউএনও মহোদয় সরেজমিনে এসে রাস্তা ও কালভার্ট পরিদর্শন করায় তারা সন্তোষ প্রকাশ করেন। তাদের আশা, অতি দ্রুত রাস্তা উঁচুকরণ ও কালভার্ট সংস্কারের কাজ শুরু হবে এবং স্থায়ী সমাধান মিলবে।#