ঢাকা | জুন ৮, ২০২৬ - ৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দীর্ঘদিনের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পলাশবাড়ি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 8, 2026 - 12:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রাম দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত জনপদ হিসেবে পরিচিত ছিল। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এ গ্রামের মানুষ বছরের পর বছর অবকাঠামোগত নানা সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করে আসছিলেন। সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বর্ষা মৌসুমে প্রায় তিন মাস গ্রামের প্রধান সড়ক পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের।
গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন সময়ে সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও তাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয়নি। ফলে পলাশবাড়ি গ্রাম উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই পিছিয়ে ছিল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. ইকরামুল বারী টিপু। নির্বাচনের প্রায় এক মাস পর তিনি পলাশবাড়ি গ্রামে আয়োজিত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান ‘হরিবাসর’-এ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্যমতে, দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু হয়েছে দ্রুত। মাত্র দুই মাসের মধ্যেই গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন সংসদ সদস্য। পাশাপাশি বর্ষাকালে গ্রামবাসীর চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি পানিমুক্ত রাখতে রাস্তা সংস্কারের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে সড়কটির সংস্কার কাজ চলমান রয়েছে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে শুরু করায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের মতে, বহু বছর ধরে উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে বর্তমান সংসদ সদস্য দায়িত্ব গ্রহণের পর দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম শুরু করায় নতুন আশার সঞ্চার হয়েছে।
গ্রামবাসীরা আশা করছেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে পলাশবাড়ির দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হবে এবং এলাকার সামগ্রিক জীবনমানের আরও উন্নয়ন ঘটবে।##