ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফরিদপুরের সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন জেলা প্রশাসকের: কাজের মানে সন্তোষ, টেকসই বাস্তবায়নের তাগিদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 22, 2026 - 6:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।

সোমবার (২২ জুন) তিনি উপজেলার আটঘর ইউনিয়নের সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালের খননকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচিগুলোর মধ্যে খাল পুনঃখনন অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর ফলে এলাকার সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারির কারণে কাজের মান সন্তোষজনক হয়েছে। তবে বর্ষার মৌসুমকে সামনে রেখে তিনি একটি বিশেষ সতর্কতা জারি করেন।
জেলা প্রশাসক বলেন, “খালের পাড়ে স্তূপ করে রাখা মাটি এখনও কাঁচা। ভারী বর্ষণে এই মাটি ধসে যেন পুনরায় খাল ভরাট না হয়ে যায়, সেজন্য দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে ফেলা এই খালটি নিয়ে চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা হাসান আশরাফ জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতো, যার ফলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হতো। গত এপ্রিল মাসে পুনঃখনন কাজ শুরু হওয়ায় এখন এলাকায় স্বস্তি ফিরেছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবীর উদ্দিন জানান, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক সালথা উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় স্থানীয় দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এর পাশাপাশি উপজেলার অন্যান্য চলমান উন্নয়ন কর্মকাণ্ডও ঘুরে দেখেন জেলা প্রশাসক।