চট্টগ্রামে কিশোরী ধর্ষণ: ঘটনার ১০ দিন পর মামলা, দুই আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে এক কিশোরীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৮ জুনের ওই ঘটনায় শনিবার রাতে কিশোরীর বাবা মামলা করলে দ্রুত অভিযান চালিয়ে মো. ফয়সাল (২৬) ও জাহিদুল ইসলামকে (২৭) আটক করা হয়। একইসঙ্গে ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গাছবাড়িয়া এলাকা থেকে কিশোরী ও তার ছোট বোনকে জোর করে অটোরিকশায় তুলে নেওয়া হয়। পথে ছোট বোন গাড়ি থেকে লাফিয়ে পালাতে সক্ষম হলেও কিশোরীটি নামতে পারেননি। এরপর তিন অভিযুক্ত তাকে একটি পোলট্রি ফার্মে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফয়সাল দীর্ঘদিন ধরে কিশোরীটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। মামলা দায়েরের পর কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম জানান, তৃতীয় আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।








