বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়া হয়েছে
বরিশাল: বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ফ্যাসিস্ট এর দোসর আখ্যা দিয়ে তার কর্মস্থলে অবরুদ্ধ করে রাখা হয়। আজ দুপুরে বরিশাল নগরীর ব্রাউনকম্পাউন্ড এলাকায় অফিস চলাকালীন সময় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকরা নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মনিরুজ্জামানকে অবরুদ্ধ করেন। তাদের অভিযোগ গত ফ্যাসিস্ট সরকারের আমলে হাসপাতালের তৎকালীন উপ-পরিচালক ডা: মনিরুজ্জামান তাদের সাথে সম্পৃক্ত থেকে সকল কার্যক্রম পরিচালনা করেছেন। এমনকি জুলাই আন্দোলন চলাকালীন শান্তি সমাবেশ থেকে শুরু করে স্বাচিপ এর সকল সাংগঠনিক কার্যক্রমে তার উপস্থিতি ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে এসেছিলেন তাদের চিকিৎসায় তিনি বাধা দিয়েছেন। এ কারনে তার মত জুলাই বিরোধী ব্যক্তি কোনভাবেই স্বাস্থ্য পরিচালকের পদে বসতে পারবেন না।
চিকিৎসকদের সকল অভিযোগ অস্বীকার করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ড্যাবের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন পরিচালকের নির্দেশে বিভিন্ন কার্যক্রমে যেতে বাধ্য হয়েছেন। অভিযোগ রয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংগঠনের অভ্যন্তরীন দ্বন্দ্বে একটি গ্রুপ তার বিরুদ্ধাচারন করছে।








