নাইক্ষ্যংছড়িতে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধস ও জলাবদ্ধতা: জনজীবন স্থবির, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধস ও জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যাওয়া এবং পাহাড়ধসের ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
পাহাড়ধসের কারণে দোছড়ি-লেমুছড়ি এবং ক্রোক্ষ্যং সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে বাইশরী এলাকায় প্রবল স্রোতের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানান, এখন পর্যন্ত উপজেলায় পাহাড়ধসজনিত বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাশাপাশি পাহাড়ধসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে এবং উপজেলা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।








