ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের হাতে ২৫ লাখ টাকার সহায়তার চেক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 12, 2026 - 12:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে মোট ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এ সহায়তা দেওয়া হয়।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ, পঞ্চগড় সার্কেল।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমাম রাজি টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলী আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত পাঁচ মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে বিআরটিএর আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড পাঁচটি আবেদন অনুমোদন করে।

অনুষ্ঠানে নিহত পাঁচ ব্যক্তির পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক দেওয়া হয়। চেক গ্রহণ করেন মো. আল আমিন, মো. আজাদ হোসেন, মোছা. সাজেদা আক্তার, রিক্তা রানী এবং অপর এক নিহত ব্যক্তির পরিবারের প্রতিনিধি।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সব সময় রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।