দীর্ঘ দুই বছর পর গাবুরা ইউনিয়ন পরিষদে স্থায়ী সচিব, স্বস্তি ফিরছে নাগরিক সেবায়
আল-হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা: দীর্ঘ প্রায় দুই বছর প্রশাসনিক শূন্যতার পর অবশেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদে একজন স্থায়ী সচিব যোগদান করেছেন।
সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সচিব না থাকায় নাগরিক সেবায় যে স্থবিরতা ও ভোগান্তি তৈরি হয়েছিল, নতুন সচিবের যোগদানে তা কাটবে বলে আশা করছেন তারা।
জানা গেছে, গত দুই বছর ধরে গাবুরা ইউনিয়ন পরিষদে কোনো স্থায়ী সচিব কর্মরত ছিলেন না। এ সময়ে পার্শ্ববর্তী ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সচিব গৌরাঙ্গ মন্ডল গাবুরা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। কার্যক্রম পরিচালিত হলেও জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বারবার ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া করতে হওয়ায় ভোগান্তি বেড়েছে।
সোমবার দায়িত্ব গ্রহণের সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন সচিবকে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “উপকূলীয় অঞ্চল দ্বীপ গাবুরা ইউনিয়ন পরিষদের প্রতিটি নাগরিক যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা পান, সে লক্ষ্যেই আমি কাজ করব। জনগণের আস্থা অর্জনই হবে আমার দায়িত্ব পালনের মূল লক্ষ্য।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, মাছুদুল আলম বলেন, দীর্ঘদিন পর স্থায়ী সচিব যোগদান করায় পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
গাবুরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও ইউনিয়ন বাসীদের প্রত্যাশা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা যোগদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদে সেবা প্রদান আরও কার্যকর, দ্রুত ও জনবান্ধব হবে।








