ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণে তুলার উৎপাদন বাড়ানোর বিকল্প নেই- ডিসি সাইফুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 7:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

আরিফ রব্বানী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেছেন- দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণে দেশীয় তুলার উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। সে লক্ষ্যেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় এনে উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই)বিকেল ৩ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের আয়োজনে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের তুলাচাষে আরও উৎসাহিত করতে ২০২৬-২৭ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক তুলা চাষীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের তুলাবীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে প্রায় ৮ হাজার টাকা মূল্যের কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমওপি, ২ কেজি বোরন, ৪৫০ মিলিলিটার বালাইনাশক এবং ৩০০ মিলিলিটার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর)। মোট ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের প্রধান উন্নয়ন কর্মকর্তা ড.খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে ও তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক।

জেলা প্রশাসক বলেন-বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধি পেলে সরাসরি বস্ত্র ও পোশাক শিল্পে প্রভাব পড়ে। তাই স্থানীয় উৎপাদন থাকলে এই অস্থিরতা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব ।

প্রণোদনা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে জানান, বিনামূল্যে উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ পাওয়ায় উৎপাদন ব্যয় কমবে। এতে তুলাচাষে আগ্রহ বাড়বে এবং আগামীতে জেলার আরও বেশি জমিতে তুলার আবাদ সম্ভব হবে।

তুলা উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জেলায় পর্যাপ্ত জমিতে তুলাচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোন।

বর্তমানে জুলাই-আগস্ট মাসের বপন মৌসুম চলায় জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা তুলাবীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। সময়মতো প্রণোদনা ও কৃষি উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।