রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি হুমাম কাদের চৌধুরীর ত্রাণ ও নগদ অর্থ বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে জিআর চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করা হয়। ১৫ই জুলাই ২০২৬ তারিখে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সাহায্য তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসান। এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা এবং ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণকালে জনাব হুমাম কাদের চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের মৌলিক চাহিদা মেটাতে এবং তাদের পুনর্বাসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি পরিবেশ রক্ষায় এবং পাহাড়ধসের ঝুঁকি এড়াতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে সমন্বিত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত সাধারণ মানুষ ও বানভাসি অসহায় পরিবারগুলো এই সংকটকালীন সময়ে জরুরি খাদ্য সহায়তা ও নগদ অর্থ পেয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।








