বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, বরিশাল: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান শুরু করেন। পরে তারা বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ডের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিক্ষোভ চলাকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শান্ত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ তাদের জন্য ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাই ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
নগরীর আলেকান্দা কলেজের শিক্ষার্থী তৌফিকুল হক তামিম বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে পরীক্ষার বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে বোর্ড কতৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, তোমরা আমাদের সন্তানের মত। আমরাও একসময় শিক্ষার্থী ছিলাম। তোমাদের পক্ষে আমরাও কথা বলছি। তোমরা এখন আন্দোলন থামিয়ে পড়ার টেবিলে বসার অনুরোধ জানান।
প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়া, পরীক্ষা স্থগিতের দাবি এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে ঘোষিত ৬ দফা দাবির সমর্থনে সারা দেশের মতো বরিশালেও টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।








