ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নজরুল সিটি গড়ে বিশ্বদরবারে ত্রিশালকে পরিচিত করতে চাই: এমপি ডা. লিটন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 17, 2026 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালকে পরিকল্পিতভাবে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তুলে বিশ্বদরবারে পরিচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি বলেন, “নজরুল সিটি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও মানুষ ত্রিশাল দেখতে আসবে। এ মহৎ উদ্যোগ সফল করতে ত্রিশাল সমিতি ময়মনসিংহসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

শুক্রবার (১৭ জুলাই) ত্রিশাল টিউলিপ সেন্টারে ত্রিশাল সমিতি ময়মনসিংহের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে এমপি লিটন বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে একটি আধুনিক স্টেডিয়াম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং হাইটেক পার্ক প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে। তিনি ত্রিশাল সমিতির উদ্যোগে উপজেলায় একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের চেতনা ধারণ করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, প্রবাসীকল্যাণ কার্ড ও স্পোর্টস কার্ড—বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান ও সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন কার্যকর হয়েছে এবং এ অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি মাদকমুক্ত ত্রিশাল গড়ে তোলার পাশাপাশি যুবকদের খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

ত্রিশাল সমিতি ময়মনসিংহের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মো. মোখলেছুর রহমান, সহসভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক খোরশিদুল আলম মজিব, ডা. মাহবুবুর রহমানসহ ত্রিশালের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।