টাঙ্গাইল-তারাকান্দি সড়কে নদী ভাঙন; আতঙ্কে স্থানীয়রা, যানবাহন চলাচল বন্ধ
কাজী রিপন, টাঙ্গাইল: যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের সাখারিয়া এলাকায় ভাঙন শুরু হয়েছে।
রবিবার দুপুর থেকে গোপালপুর উপজেলার সাখারিয়া যমুনা নদীর ২৫ মিটার অংশে ভাঙন শুরু হয়। এতে ওই সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে যানবাহনগুলো বিভিন্ন জায়গা দিয়ে চলাচল করায় ভোগান্তিতে পড়েছে।
এদিকে স্থানীয় সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করার জন্য বলেন। পরে ভাঙনের পর সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
এরআগে ভাঙন দেখা দিলে প্রথমে স্থানীয়রা তা রোধের চেষ্টা করে। এসময় নদীর স্রোত কমাতে সড়কের পাশে গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলা হচ্ছে।
স্থানীয় শিক্ষিকা ময়না আশঙ্কা প্রকাশ করে বলেন, কার্যকর নদী শাসনের ব্যবস্থা না হলে ভবিষ্যতে যমুনা নদীর প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।
একটি স্থায়ী বাধের ব্যাবস্থা হলে সড়ক এবং নদীপাড়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
স্থানীয়রা বলছেন, মাসখানেক ধরে ভাঙন শুরু হয়েছে এলাকায়। প্রথমেই ভাঙনরোধে ব্যবস্থা নেয়া হলে এমন পরিস্থিতি হতো না। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বন্ধসহ ক্ষতিগ্রস্ত হবে হাজারও পরিবার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন জানান, ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে।








