বিসিএস পাস করা প্রভাষকের যৌতুকের লোভ অবশেষে গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধিঃ ক্যাডার সার্ভিসের গর্বিত পরিচয় শেষ পর্যন্ত বাঁচাতে পারল না। শনিবার গভীর রাতে চট্টগ্রামের শুলকবহর এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য মো. মাকসুদুল হাসান। অভিযোগ, স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি এবং দিতে না পারায় দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন।
বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের এই প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন তিনি। পরিবার অপারগতা জানাতেই শুরু হয় চাপ আর হয়রানির এক থমথমে অধ্যায়।
দিনের পর দিন নীরবে সহ্য করার পর একসময় আর পথ না দেখে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৪ ধারায় মামলা করেন তিনি। সেই মামলার ভিত্তিতেই মধ্যরাতে কালা মুন্সি লেইনের বাসায় অভিযান চালিয়ে মাকসুদুলকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
থানার ওসি মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
একজন উচ্চশিক্ষিত সরকারি কর্মকর্তার এই কাণ্ডে বিস্মিত সচেতন মহল। মেধায় বিসিএস জেতা গেলেও মানসিকতায় যৌতুকের মতো পুরনো ব্যাধি থেকে বের হতে না পারার এই ঘটনা বড় প্রশ্ন তুলে দিয়েছে , শিক্ষার সনদ আর সভ্যতার মাপকাঠি কি আসলে এক নয়।








