মান্দায় বাড়ির সিঁড়ির নিচে ১.৫ কেজি গাঁজা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার সতিহাট ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের সচিন্দ্রনাথের ছেলে জিতেন্দ্র নাথ (৪০) ও তাঁর স্ত্রী পলি রানী ঋষি (৩০)।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সতিহাট ঋষিপাড়া এলাকায় এক মুদি দোকানি নিজ বাড়িতে গাঁজা মজুত করে মাদক ব্যবসা করছেন—এমন তথ্য পায় পুলিশ।পরে রাত ৯টার দিকে ডিবির অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিতেন্দ্র নাথের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, জিতেন্দ্র নাথের মাদক বিক্রির সহযোগী হিসেবে তাঁর স্ত্রী পলি রানী ঋষিকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, জিতেন্দ্র নাথ প্রতি সপ্তাহে দুই থেকে তিন কেজি গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে প্রতি কেজি ১৫ থেকে ১৬ হাজার টাকা দরে কিনতেন। পরে তা ১৮ থেকে ২৯ হাজার টাকা দরে বিক্রি করতেন।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”








