চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলের বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ভারতীয় ৫২২ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।








