ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 4, 2026 - 10:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় রাজাপুর উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ বাবু সুজন বিশ্বাস ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ওয়াসিম আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি সুজন বিশ্বাস বলেন, রাজাপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও রাজাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক গোপাল কর্মকার। সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন দেবনাথ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হরি মন্দিরে এসে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।