ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে সম্প্রীতির বার্তা নিয়ে ‘শরৎ শুভ্র মেলবন্ধন’ সংকলনের পাঠ উন্মোচন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 16, 2026 - 7:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

ময়মনসিংহ:শারদীয় উৎসব উপলক্ষে প্রকাশিত ‘শরৎ শুভ্র মেলবন্ধন’ সংকলনের পাঠ উন্মোচন হয়েছে ময়মনসিংহে।

আজ ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে ঐতিহ্যবাহী বিপিন পার্কে ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’-এর শেষ পর্বের অনুষ্ঠানে আনন্দ প্রিয় মাল্টিমিডিয়ার প্রকাশনায় সংকলনটির পাঠ উন্মোচন করা হয়।

প্রকাশনাটির সম্পাদক আনন্দ প্রিয় সুপ্রিয়র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বাধীন চৌধুরী বলেন, ‘শরৎ শুভ্র মেলবন্ধন’ কেবল একটি সাহিত্য সংকলন নয়, এটি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি স্মারক।
সকল ধর্ম ও বর্ণের লেখকদের অংশগ্রহণে প্রকাশনাটি আমাদের বহুত্ববাদী সমাজের সৌন্দর্যকে ধারণ করেছে। সাহিত্য মানুষের মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে হৃদয়ের সংযোগ তৈরি করে। ভিন্ন বিশ্বাস, ভিন্ন পরিচয় ও ভিন্ন জীবনবোধের মানুষকে একই সৃজনশীল পরিসরে নিয়ে আসার শক্তি সাহিত্যের রয়েছে।

তিনি আরও বলেন, শারদীয় উৎসবের অন্তর্নিহিত আনন্দ, সৌন্দর্য ও মানবিক আবেদনকে সাহিত্যের মধ্য দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের পরিসরে সীমাবদ্ধ না থেকে যখন পারস্পরিক আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির উপলক্ষ হয়ে ওঠে, তখন তা সমাজের সামগ্রিক সাংস্কৃতিক ঐশ্বর্যকে সমৃদ্ধ করে। ‘শরৎ শুভ্র মেলবন্ধন’ সেই উদার ও মানবিক চেতনারই একটি সৃজনশীল প্রকাশ। এ ধরনের প্রকাশনা নিয়মিত সাহিত্যচর্চা ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক পরিবেশ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে আনন্দ প্রিয় মাল্টিমিডিয়ার পক্ষে প্রকাশনাটির সম্পাদক আনন্দ প্রিয় সুপ্রিয় বলেন, শারদীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্ম ও বর্ণের লেখকদের লেখায় ‘শরৎ শুভ্র মেলবন্ধন’ প্রকাশের মূল উদ্দেশ্য হলো সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করা। সাহিত্যের কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই; মানুষের সৃজনশীলতা, অনুভব ও মানবিক মূল্যবোধই সাহিত্যের প্রকৃত পরিচয়। সেই বিশ্বাস থেকেই এ সংকলন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন পরিচয় ও অভিজ্ঞতার লেখকদের সৃষ্টিকে একই মলাটে স্থান দেওয়ার মধ্য দিয়ে একটি সম্মিলিত সাংস্কৃতিক পরিসর নির্মাণের চেষ্টা করা হয়েছে। এ প্রকাশনা পাঠক ও লেখকদের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এবং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে উৎসাহিত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
সংকলনটি প্রকাশের সঙ্গে যুক্ত লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক মোঃ চাঁন মিয়া ফকির, গল্পকার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পাঠান, লেখক শিরিন আক্তার, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি জুবায়েদ ইবনে সাঈদ, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণা চাকলাদার এ্যানি,সাবেক বীক্ষণ আহবায়ক তরুণ লেখক জিসি দেবনাথ, ‘বীক্ষণ’-এর আহ্বায়ক নবী হোসেন লাদেন, যুগ্ম আহ্বায়ক সুস্মিতা সরকার প্রমুখ।

সাহিত্যচর্চা, মননশীল পাঠ ও সাংস্কৃতিক সংলাপের ধারাবাহিক আয়োজন হিসেবে ‘বীক্ষণ’-এর ২২২৩ তম আসরের শেষ পর্বে সংকলনটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণ আয়োজনটিকে তাৎপর্যপূর্ণ করে তোলেন। ‘শরৎ শুভ্র মেলবন্ধন’-এর প্রকাশনা ও পাঠ উন্মোচনের মধ্য দিয়ে ধর্ম-বর্ণনির্বিশেষে সৃজনশীল মানুষের সম্মিলন এবং সম্প্রীতির সাংস্কৃতিক চর্চার বার্তা আরও একবার উচ্চারিত হলো।