সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা নাটিকা অনুষ্ঠান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ১৭ অক্টোবর রোজ শনিবার বিকেল ৪ টায় খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমী মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহিল মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন ও ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী।
এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।








