মান্দায় এলজিইডির পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ জন নারী কর্মী নিয়োগ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ (RRMEP)-এর আওতায় মাটিকাটা ও সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে উন্মুক্ত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ১০ জন নারী কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পরবর্তীতে আরও ১০ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়।সম্প্রতি অনুষ্ঠিত এই নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়নের
চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হোসাইন , ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইকরামুল হক, ইউপি সদস্য বাবুল আলী, দেলোয়ার হোসেন, আঃ জলিল, আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য সকল ইউপি সদস্য এবং নিয়োগপ্রার্থী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা যায়,
গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্ত ১০ জন নারীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সড়ক যোগাযোগের মান যেমন উন্নত হবে, তেমনি নিয়োজিত নারী কর্মীরাও পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে সক্ষম হবেন।#








