ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই’ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ রাজু আহমেদ বাপ্পি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 20, 2026 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

নড়াইল প্রতিনিধি:‘আমি এর আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। মানুষের সেবা করা এবং সুখে-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য।এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ নম্বর লোহাগড়া ইউনিয়নের পাঁচটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক খোঁজখবর নেওয়া এবং প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

রাজু আহমেদ বাপ্পি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নয়, এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমার বাবা-চাচারাও আগে থেকে আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। তাদের সেই পথ অনুসরণ করে আমিও মানুষের পাশে থাকতে চাই। আমি এর আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই। মানুষের বিপদে-আপদে এগিয়ে আসা, তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি লোহাগড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করবেন। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়তে চাই।

রাজু আহমেদ বাপ্পি লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এই যুবদল নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়দের একাংশ।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।

যেসব পূজামণ্ডপে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন, সেগুলো হলো-কামঠানা সরকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, কালনা ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কাউড়িখোলা সরকারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কামঠানা সার্বজনীন দুর্গা মন্দির ও কামঠানা রক্ষাচণ্ডী সার্বজনীন দুর্গা মন্দির।

ধর্মীয় উৎসবকে ঘিরে এই উদ্যোগের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং মানুষের পাশে থাকার প্রত্যয় তুলে ধরেন রাজু আহমেদ বাপ্পি।#