আল কুরআন শরীফে পা রেখে অবমাননার করায় তাইজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কুরআন শরীফে পা রেখে অবমাননার করায় তাইজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও মির্জাপুর থানা পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম মধ্যপাড়া গ্রামের বানেছ মিয়ার ছেলে তাইজুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে পবিত্র কোরআন শরীফে পা দিয়ে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমুতে প্রকাশ করেন। এ সংবাদ তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে রাতেই শতাধিক এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে।
বিষয়টি স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তাইজুল ইসলামের মা তাসলিমা বেগম বলেন, তাইজুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাদের পুরো পরিবার মানিকগঞ্জ জেলার একটি দরবার শরীফের পীরের ভক্ত। মাঝে মাঝে তারা ওই পীরের দরবারে যাতায়াত করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।








