খাগড়াছড়তে অপহরণের ৮ দিন পর চবির ৫ শিক্ষার্থী মুক্ত
আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী অপহরণের আটদিন পর অবশেষে মুক্তি পেয়েছেন। এই শিক্ষার্থীরা খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার হয়েছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি সাংবাদিকদের জানান।
একই দিন বিকাল ৩টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি নিপন ত্রিপুরাও শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, মুক্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীর সবাই বর্তমানে নিরাপদে রয়েছেন এবং তাদের পরিবার ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করছেন।
পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিসিপি চবির সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু ধাপে ধাপে মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্ত অন্য চারজন হলেন চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা।
সংগঠনটি এই ঘটনার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পরিবার ও সামাজিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে অপহরণের কারণ ও কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তা নিয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, বর্ষবরণের বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টায় খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের সঙ্গে থাকা গাড়িচালককেও তুলে নিলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন পোস্ট দেয়া হয়।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম। আজ পিসিপির বিবৃতির মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, পাঁচজনই মুক্ত হয়েছেন এবং বর্তমানে তারা নিরাপদে রয়েছেন।’’ তিনি আরও জানান, অপহরণকারীদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।








