ঢাকা | মে ১, ২০২৬ - ৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূমি মেলায় সেবাপ্রার্থী বাংলাদেশ ব্যাংক অফিসার’র সাথে পবা এসিল্যান্ডের ‘দুর্ব্যবহার’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 25, 2025 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 146 বার

স্টাফ রিপোর্টার:সারা দেশ সহ রাজশাহীতে সেবা ভূমি সেবা প্রার্থীদের তাৎক্ষণিক সেবা দিতে রোববার থেকে জেলা-উপজেলায় শুরু হয়েছে ভূমি মেলা। আগামী মঙ্গলবার পর্যন্ত মেলাগুলোতে ভূমি সংক্রান্ত সব সেবা দিতে উপস্থিত থাকবেন ঊর্দ্ধতন কর্মকর্তারাও। তবে মেলার প্রথম দিনই রাজশাহীর পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান এক সেবাপ্রার্থীর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম এনামুল হক। প্রবীণ এই ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার বাড়ি রাজশাহী নগরের নতুন বিলশিমলা এলাকায়। তার সঙ্গে এসি-ল্যান্ডের বাদানুবাদের একটি ভিডিওচিত্র পাওয়া গেছে। এই ভিডিওতে দেখা যায়, বাহাসের একপর্যায়ে এসি-ল্যান্ড বিরক্ত হয়ে এনামুলকে বলছেন, ‘আপনি এখন আসতে পারেন।’

ভিডিওতে দেখা যায়, এনামুল হক বলছেন- ‘আমি তিনবার ঘুরলাম এইখানে। তাহলে এইসব (ভূমি মেলা) করার স্বার্থকতা কোথায়?’ এসি-ল্যান্ড তখন জানতে চান, ‘কী করেন আপনি?’ এনামুল বলেন, ‘আমি রিটায়ার্ড ব্যাংকার একজন।’ এসি-ল্যান্ড তখন বলেন, ‘আপনি এভাবে বলবেন না। আপনি সবকিছুই জানেন। আপনি যেহেতু সার্ভিস করে আসছেন, এটা করার দরকার আছে কি আছে না…।’ এসি-ল্যান্ডের কথা শেষ হওয়ার আগেই এনামুল হক বলেন, ‘কিন্তু আমি ১০ দিন সাফার করব, তাহলে আমি এই ফ্যাসিলিটিজ কী ভোগ করব, আপনি বলেন। আমাদের জন্যই তো করছেন (মেলা) আপনি।’

এ সময় এসি-ল্যান্ড বলেন, ‘আপনিও সার্ভিস প্রোভাইডার ছিলেন। এখন আমরাও যদি বলি- ব্যাংকে গেলে হচ্ছে মানুষজন এখনও অনেক ভোগান্তির শিকার হয়। ঠিক আছে?’ এনামুল জানতে চান, ‘কীসের ভোগান্তির শিকার হচ্ছে?’ এসি-ল্যান্ড বলেন, ‘আপনি প্লিজ এভাবে বলবেন না। আমরা কাজ করছি। আপনার যদি মনে হয় এটাতে হচ্ছে না, আপনি তাহলে আসতে পারেন। আমাদের কথা ক্লিয়ার।’ এসি-ল্যান্ডের এ কথার আপত্তি করে এনামুল হক বলেন, ‘আসতে পারেন, এভাবে আপনি বলতে পারেন না। আসতে পারেন মানে কি?’

এসি-ল্যান্ড তখন বলেন, ‘আমরা বলতে পারি। আপনারা এভাবে করে বললে আমরাও বলতে পারি। আপনি আবেদন করেছেন কবে?’ এনামুল জানান, আবেদন করা ২৫ দিন হয়ে গেছে।’ এসি-ল্যান্ড বলেন, ‘না, ২৫ দিন বললে হবে না। কবে আবেদন করসেন আমাকে জানাইতে হবে।’

এনামুল বলেন, ‘আমার দুইদিন ঘোরা হয়ে গেছে। আপনার স্টাফ বলে, কাল আসেন, পোরশু আসেন।’ এসি-ল্যান্ড বলেন, ‘আপনি কেন দুইদিন ঘুরবেন?’ এ সময় আশপাশে থাকা অন্য ব্যক্তিরা এনামুলকে থেমে যাওয়ার অনুরোধ করলে তিনি বলেন, ‘আমি তর্ক করছি না। বলছি, এই ফ্যাসিলিটিজগুলো বাড়াইতে হবে।’ এসি-ল্যান্ড তখন বলেন, ‘ফ্যাসিলিটিজ বাড়াইতে হবে, শোনেন, আপনি নিজে সারাজীবন কী করে আসছেন সেইদিকে তাকান।’ এনামুল বলেন, ‘আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি, সারাজীবন ভালভাবেই চাকরি করেছি।’

যোগাযোগ করা হলে এনামুল হক বলেন, ‘খারিজের জন্য আমি ২৫ দিন আগে আবেদন করেছি। এসি-ল্যান্ডের অফিসের ক্লার্ক ও পিয়নরা খালি ঘোরান। এসি-ল্যান্ডের সঙ্গে দেখা করতে চাইলে তারা বলেন যে, “স্যার ব্যস্ত”। এসি-ল্যান্ডের আচরণও এমন। তিনি ভদ্রভাবে বলতে পারতেন। তা না করে বলেছেন, “আপনি কী করেছেন।” আমি কী করেছি তা কি তিনি জানেন? এমন ফালতু কথা উনি বলেন কীভাবে! এমন আচরণ করলে সেবা দেওয়ার নামে এসব মেলা করে লাভ কি? আগে তো তাদের আচরণের সংশোধন হওয়া উচিত।’
জানতে চাইলে এসি-ল্যান্ড জাহিদ হাসান বলেন, ‘উনি বলেছেন ভূমি মেলা নাকি লোকদেখানো। একটা সরকারি আয়োজন সম্পর্কে তো তিনি এই কথা বলতে পারেন না।’ এনামুল হককে সেবা না দিয়ে চলে যেতে বলার ব্যাপারে জানতে চাইলে এসি-ল্যান্ড বলেন, ‘আরও অনেক সেবাপ্রার্থী ছিলেন। একজনকে এত সময় দিলে অন্যরা বঞ্চিত হতেন।’

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, ‘ঘটনাটা আমি শুনেছি। কিছু প্রক্রিয়াগত কারণ ও সার্ভারের সমস্যার কারণে এনামুল হকের কাজটা হয়নি। ভূমি মেলায় যে ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আমি আরও বিস্তারিত খোঁজ নিয়ে দেখব।’ এদিকে উপজেলার ভুমি সেবা প্রার্থীরা জানিয়েছে পবায় এই এসি ল্যান্ডের ছত্র ছায়ায় গোপনে গোপনে অধিকাংশ কাজে ঘুষ সংস্কৃতি চলছে