কেরানীগঞ্জে গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত
কেরানীগঞ্জ প্রতিনিধি:গণফোরামের সভাপতি ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, যুদ্ধকালীন ঢাকা জেলা গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর নিজগ্রাম কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টায় এই জানাজার নামাজে কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,মুক্তিযোদ্ধা, সামাজিক নেতৃবৃন্দসহ তার নিজ গ্রামের শত শত লোক অংশগ্রহণ করেন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনবির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, গণফোরণের সাধারণ সম্পাদক ডঃ মিজানুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব নাজিম উদ্দিন ও কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ শাহাবুদ্দিন প্রমূখ।
জানাজা নামাজের আগে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সকালে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর লাশ নেকরোজবাগ মাঠে নিয়ে আসা হলে তাকে একনজর দেখার জন্য মানুষের উপচেপড়া ভীড় পড়ে যায়। বীর মুক্তিযোদ্ধা মহসীন মন্টু ছিলেন কেরানীগঞ্জ ক্রিড়া উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, রামের কান্দা ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি, কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি,তালেপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাবেক সভাপতি।








