ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 13, 2025 - 6:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের এক কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) অস্ত্রসহ আটক হয়েছেন। তিনি ওই এলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

সেনাবাহিনীর দাবি, কলইপা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ কার্যক্রম, বিশেষ করে কাঠ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে জড়িত ছিলেন।

সেনা সূত্র জানায়, রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি (Long Range Patrol) ডোমিনেশনের সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কলইপা ত্রিপুরা অবৈধ কাঠবোঝাই একটি গাড়ি থেকে চাঁদা নিতে আসলে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি দেশি তৈরি লংগান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। সেনা সদস্যরা জানান, উদ্ধারকৃত অস্ত্রটি চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত হতো।
পরে রাত ১২টা ৩০ মিনিটে আটক ব্যক্তিকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামূল হক বলেন, “আটক কলইপা ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কলইপা ত্রিপুরা গুইমারা ও পার্শ্ববর্তী এলাকায় ইউপিডিএফ মূল দলের হয়ে দীর্ঘদিন ধরে অর্থ সংগ্রহ কার্যক্রম চালিয়ে আসছিলেন, যা স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেনাবাহিনীর এই অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।