মান্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ডা. টিপু
নওগাঁ প্রতিনিধি :‘জীবনের জন্য চাই সুস্থতা সমাজ বিনির্মাণের সততা, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার পূর্বশর্ত প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ডা. ইকরামুল বারী টিপু বক্তব্যে বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, মানবিকতা, সততা এবং সামাজিক দায়িত্ববোধের মতো গুণাবলী অর্জন করে সমৃদ্ধিশীল দেশ গড়ে জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করেন তিনি।’
বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য প্রদান করেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেনুর বেগম, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, কলেজ শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আনিছার রহমান, শিক্ষার্থী অভিভাবক সাহের আলী, কৃতি শিক্ষার্থী মিশকাত শাকিরা, রাজিয়া সুলতানা ও আব্দুল্লাহ।

এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে বলে মনে করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।








