মাটিরাঙ্গায় সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (২০ আগস্ট) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম-এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় চকলেট, ঔষধ ও পারফিউমসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার টাকা।
জব্দকৃত পণ্যসমূহ পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, “অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”








