খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সিএন্ডবি এলাকা থেকে মো. জহির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের সাথে মান-অভিমান চলার কারণে জহির মিয়া কয়েক বছর ধরে উপজেলা সদরের সওজ এলাকার একটি পুকুরপাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একা বসবাস করছিলেন। জীবিকা নির্বাহের জন্য তিনি প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করতেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মৃত জহির মিয়ার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুই ছেলে প্রবাসে, একজন চট্টগ্রামে চাকরি করেন, ছোট ছেলে বাড়িতে থাকেন এবং মেয়ের বিয়ে হয়েছে। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলেও তিনি অভিমান ভেঙে ফেরেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. সাদ্দাম বলেন, “অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”








