ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়ির রামগড়ে ভূয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 4, 2025 - 4:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় এক ভূয়া চক্ষু চিকিৎসককে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে অভিযান চালানো হয়। এ সময় রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়াই রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এভাবে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন বলে স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “রাকিবুল ইসলামের এহেন কর্মকাণ্ড বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এজন্য তাকে একই আইনের ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।