ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে দুই বন প্রহরির ওপর হামলা,ইউপি সদস্য ও বিএনপি নেতাসহ সাতজনের নামে থানায় মামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 22, 2025 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিট অফিসের প্রহরিদের ওপর হামলার ঘটনায ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সাত জনকে আসামি করে সখীপুর থানায় মামলা হয়েছে।

সখীপুর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিটের বন প্রহরি আব্দুল মোতালেব ও মাস্টার রোলের কর্মচারী খসরু মিয়া গত শনিবার দুপুরের দিকে উপজেলার ছাতিয়াচালা এলাকা থেকে এক ভ্যান শাল গজারি গাছের লাকড়ি জব্দ করে বিট কার্যালয় নিয়ে আসেন। ওইদিন বিকেলের দিকে ওই দুইজন বন প্রহরি দায়িত্ব পালন কালে ছাতিয়া বাজারে গেলে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলীর নেতৃত্বে আসামিরা লাঠি সোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে করে দুই বন প্রহরি গুরুতর আহত হয়। খবর পেয়ে বিট কর্মকর্তা রুমিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার সংবাদ পেয়ে টাঙ্গাইল জেলা বন সংরক্ষক, সহকারী বন সংরক্ষক, রেঞ্জ ও বিট কর্মকর্তা সখীপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতো আসেন।

বন বিভাগের কর্মচারীদের মারধরের ঘটনার ওই মামলার আসামিরা হচ্ছেন, স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন (৫৫), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী (৫০), ছাতিয়া গ্রামের বিএনপি কর্মী আপন হোসেন (৩৫), শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫), আয়নাল মিয়া (৫০), আজাহার আলী (৪৫), বাহাদুর মিয়া (৪০)।

দলীয় নেতাদের নামে অভিযোগ অস্বীকার করে বহেড়াতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ূন আহমেদ বলেন, ইউপি সদস্য ও তাঁর ভাই বনপ্রহরিদের মারধর করার সময় আমার ওয়ার্ডের নেতা শের আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দুই পক্ষের সঙ্গে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। হামলার সঙ্গে স্থানীয় বিএনপির কেউ জড়িত নয়। মীমাংসা করতে গিয়ে তাদের আসামি হতে হয়েছে। মামলা থেকে বিএনপি নেতা কর্মীদের নাম প্রত্যাহার করার জন্য তিনি অনুরোধ করেন।

জানতে চাইলে মামলার বাদী রুমিউজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ছাতিয়া বাজারে গেলে আসামিরা আমাকে ও রেঞ্জ অফিসার স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকেও মারতে আসে।

এ বিষয়ে সখীপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসাইন চৌধুরী জানান, বন বিভাগের প্রহরিদের ওপর হামলার মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।