গোরকঘাটা বাজারে অবৈধ দখল ও পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১৯,৪০০ টাকা
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার) : মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে সড়কের জায়গা অবৈধভাবে দখল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় একাধিক ব্যক্তিকে সর্বমোট ১৯,৪০০/- (উনিশ হাজার চারশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, যেসব দোকানদার অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে মালামাল রেখে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন, তাদেরকে তাৎক্ষণিকভাবে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








